| সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 17 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
টানা পাঁচ কার্যদিবসের পতনের পর আজ সোমবার (২২ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয়েই সব সূচক বৃদ্ধি পেয়েছে, এবং দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে অধিকাংশ প্রতিষ্ঠান। ডিএসইতে লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
গত সপ্তাহে চার কার্যদিবসের লেনদেনে শেয়ারবাজারে দরপতন এবং কম লেনদেনের প্রবণতা দেখা দিয়েছিল। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও ডিএসইতে লেনদেন কমে ২০০ কোটি টাকার মধ্যে ছিল। আজ সোমবার লেনদেন শুরুতেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়ে সূচক ঊর্ধ্বমুখী হয়। দিনের শেষে দাম বাড়ার তালিকায় ৩০২টি প্রতিষ্ঠান থাকলেও ৩৭টির দাম কমেছে এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো মানের কোম্পানি বা ১০ শতাংশের বেশি লভ্যাংশ প্রদানকারী ১৬৮টির দাম বেড়েছে, মাঝারি মানের কোম্পানির ৬৫টির দাম বেড়েছে, ‘জেড’ গ্রুপের ৬৯টির দাম বেড়েছে। তালিকাভুক্ত ৩৫টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮টির দাম বেড়েছে।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বেড়ে ৪,৮৭৪ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১,৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১,৮৭১ পয়েন্টে পৌঁছেছে। লেনদেনের পরিমাণ ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকায় পৌঁছেছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১০২ কোটি ৬৪ লাখ টাকা বেশি।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (১৮ কোটি ৮২ লাখ টাকা), সায়হাম কটন (১৬ কোটি ৫১ লাখ টাকা) এবং কে অ্যান্ড কিউ (১০ কোটি ৭৯ লাখ টাকা) শেয়ারের। এছাড়া রহিমা ফুড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সামিট এলায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল বিল্ডিং এবং মুন্নু ফেব্রিক্স শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়ে লেনদেনের অংশগ্রহণকারী ১৫৫ প্রতিষ্ঠান থেকে ৮৮টির দাম বৃদ্ধি পেয়েছে। লেনদেনের পরিমাণ ১৫ কোটি ৩৯ লাখ টাকা হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
Posted ৬:২৮ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Arthobiz | zaman zaman


