
| শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 32 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) এমবিএ ইন প্রফেশনাল অ্যাকাউন্টিং এবং বিবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট—এ দুটি নতুন একাডেমিক প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে|
চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) এমবিএ ইন প্রফেশনাল অ্যাকাউন্টিং এবং বিবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট—এ দুটি নতুন একাডেমিক প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে| বর্তমান বৈশ্বিক অর্থনীতি, ডিজিটাল রূপান্তর এবং শিল্প খাতের দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে এ দুটি প্রোগ্রাম চালু করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি|
এ উপলক্ষে ৬ আগস্ট সিআইইউ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়| এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য অধ্যাপক ড. এম আইয়ুব ইসলাম| বিশেষ অতিথি ছিলেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য পারভীন মাহমুদ|
বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের প্রভাষক উম্মে হুমায়রার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের| ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন ভিটজার এশিয়া প্রাইভেট লিমিটেডের ফাইন্যান্স ম্যানেজার নাজমুল ইসলাম এবং এক্সপো ফ্রেইটের হেড অব অপারেশনস মেজর (অব.) মুনীর উদ্দিন হাসান| সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এমএম নূরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন অ্যাকাউন্টিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী|
বক্তারা জানান, চট্টগ্রামে প্রথমবারের মতো এমবিএ ইন প্রফেশনাল অ্যাকাউন্টিং কোর্স চালু করেছে সিআইইউ| আধুনিক হিসাববিজ্ঞান, আর্থিক ব্যবস্থাপনা, নিরীক্ষা, কর ব্যবস্থা এবং করপোরেট গভর্ন্যান্সে শিক্ষার্থীদের ব্যবহারিক ও পেশাভিত্তিক দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রোগ্রামটি প্রণয়ন করা হয়েছে| পাশাপাশি আন্তর্জাতিক মানের পেশাগত অ্যাকাউন্টিং যোগ্যতা অর্জনের জন্যও এটি শিক্ষার্থীদের প্রস্তুত করবে|
অন্যদিকে, বিবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রামটি উৎপাদন, ক্রয়, গুদাম ব্যবস্থাপনা, লজিস্টিকস, আমদানি-রফতানি, ই-কমার্স এবং বৈশ্বিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় দক্ষ পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| দেশের শিল্পায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনের ক্ষেত্রেও এ প্রোগ্রামের গুরুত্ব অপরিসীম বলে বক্তারা দাবি করেন| অনুষ্ঠানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন|

Posted ৮:২৩ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
Arthobiz | zaman zaman


