মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু’র বিরুদ্ধে দুদকে দুর্নীতি মামলা

  |   সোমবার, ১০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   30 বার পঠিত

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু’র বিরুদ্ধে দুদকে দুর্নীতি মামলা

অর্থবিজ প্রতিবেদক :
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ও ব্যবসায়ী এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ৫০০ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলা করেছে ইসলামী ব্যাংক| ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী বাদী হয়ে মামলাটি করেন|
দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়| অভিযোগ অনুযায়ী, এ ক্ষেত্রে অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছিল| পরে ওই ঋণের বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক| ঋণ অনুমোদন থেকে অর্থ উত্তোলন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়|
অভিযোগে তৎকালীন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নাম রয়েছে| ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ঋণ অনুমোদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে|
ইসলামী ব্যাংকের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা অনৈতিকভাবে ঋণ অনুমোদন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন| পাশাপাশি অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’-এর অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে এস আলম ভূমিকা রেখেছেন বলেও অভিযোগ করা হয়েছে|
ব্যাংকের পক্ষ থেকে দুদককে জানানো হয়েছে, চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে তদন্ত করা হয়েছে| তদন্তে ঋণ অনুমোদন ও ঋণের অর্থ উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির তথ্য পাওয়া গেছে|
অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, ঋণ অনুমোদনের প্রক্রিয়া এবং ঋণের অর্থ ব্যবহারের বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক|
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু| পদত্যাগ করার পর দুই সপ্তাহের মধ্যে তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা হলো|

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৪ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191