
| সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 31 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করে আগের হার বহাল রেখেছে সরকার।
রোববার (৪ জানুয়ারি) এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। এর ফলে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে হারে সঞ্চয়পত্রে মুনাফা দেওয়া হচ্ছিল, আগামী ছয় মাসেও একই হার কার্যকর থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হলে তা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে অবসরপ্রাপ্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের একটি বড় অংশ সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল হওয়ায় এ সিদ্ধান্ত নিয়ে আপত্তি ওঠে। পরে রোববার অফিস শুরুর পর সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি পুনর্বিবেচনা করা হয় এবং প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে আগের সিদ্ধান্ত বাতিল করা হয়।
বর্তমানে সরকার চার ধরনের সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম পরিচালনা করছে। সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে একটি নির্দিষ্ট মুনাফা হার এবং এর বেশি বিনিয়োগে তুলনামূলক কম হারে মুনাফা দেওয়া হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন।
পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর মেয়াদে মুনাফার হার ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ, যা কমিয়ে ১০ দশমিক ৪৪ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একইভাবে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা ১১ দশমিক ৮০ শতাংশ থেকে ১০ দশমিক ৪১ শতাংশে নামানোর কথা ছিল। নতুন প্রজ্ঞাপনে এসব হার অপরিবর্তিত রাখা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার ট্রেজারি বন্ডের সুদহারের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হচ্ছে। সম্প্রতি ট্রেজারি বিল ও বন্ডের সুদহার কমায় সঞ্চয়পত্রের মুনাফা কমানোর উদ্যোগ নেওয়া হয়। তবে উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।

Posted ৫:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
Arthobiz | zaman zaman


