
| বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 58 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
নন-লাইফ বীমা ব্যবসায়ে ব্যক্তি এজেন্ট কমিশন অথবা কমিশনের নামে কোন ধরনের আর্থিক সুবিধা প্রদান না করার বিষয়ে বীমা কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়েছে বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বীমা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নন-লাইফ বীমা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ১ জানুয়ারি থেকে নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্টের মাধ্যমে বীমা ব্যবসা পরিচালনা বন্ধ ঘোষণা করা হয়।
আজ বুধবার (৭ জানুয়ারি) আইডিআরএ’র পরিচালক (প্রশাসন) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-লাইফ বীমা ব্যবসায় ব্যক্তি এজেন্ট নিয়োগ, এজেন্টের মাধ্যমে ব্যবসা আহরণ কিংবা কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদানের সুযোগ নেই। এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে বীমা আইন, ২০১০-এর ধারা ৫৮(১) ধরার লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ বলে গন্য হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নন-লাইফ বীমা খাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান অনিয়ম, কমিশনভিত্তিক অসঙ্গতি ও স্বচ্ছতার ঘাটতি দূর করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইডিআরএ মনে করে, এ সিদ্ধান্তের মাধ্যমে নন-লাইফ বীমা খাতে সুশাসন ও আর্থিক শৃঙ্খলা জোরদার হবে এবং পলিসিগ্রাহকদের স্বার্থ আরও সুরক্ষিত হবে।

Posted ৬:২৯ অপরাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
Arthobiz | zaman zaman


