
| বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত

বিশেষ প্রতিনিধি :
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ানোর লক্ষ্যে দেশের প্রথম ডিজিটাল কাঁচা তুলার বাজার ‘কটনপোর্ট’ চালু করেছে আমেরিবাংলা কর্পোরেশন।
রাজধানীর একটি হোটেলে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমেরিবাংলা কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসওয়ার রহমান।
তিনি বলেন, কটনপোর্টের মাধ্যমে বাংলাদেশের স্পিনিং মিলগুলো সরাসরি মার্কিন কৃষকদের কাছ থেকে তুলা কেনার সুযোগ পাবে। এতে মধ্যস্বত্বভোগীর ভূমিকা কমার পাশাপাশি তুলার ন্যায্য মূল্য ও স্বচ্ছ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত হবে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে সংগৃহীত ৮২ টন কাঁচা তুলার প্রস্তাব নিয়ে প্ল্যাটফর্মটির কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ৩০টির বেশি স্পিনিং মিল কটনপোর্টের মাধ্যমে মার্কিন তুলা কেনার আগ্রহ প্রকাশ করেছে।
প্ল্যাটফর্মটি সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা চালু থাকবে। এতে ডাইনামিক প্রাইসিং, কন্টেইনারভিত্তিক সরবরাহ এবং প্রত্যয়িত ট্রেসিবিলিটির সুবিধা থাকবে।
আমেরিবাংলা জানায়, ২০২৬ সালে পরীক্ষামূলকভাবে প্রতি মাসে ১০টি কন্টেইনার তুলা সরবরাহের লক্ষ্যমাত্রা রয়েছে। ২০২৮ সালের মধ্যে তা প্রতি মাসে ১ হাজার ৬০০ কন্টেইনারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ বিলিয়ন থেকে ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে ভূমিকা রাখা।

Posted ৮:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Arthobiz | zaman zaman


