
| বুধবার, ২৯ মে ২০২৪ | প্রিন্ট | 113 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
রূপালী ব্যাংক এক বছরে ৫৫০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করে বড় সাফল্য দেখিয়েছে। অবলোপনকৃত খেলাপি ঋণ থেকে ব্যাংকটি ৪০ কোটি টাকা আদায় করেছে। পাশাপাশি এক বছরে ৮ লাখ নতুন ব্যাংক হিসাব খুলে রেকর্ড সৃষ্টি করেছে ব্যাংক সেক্টরে। ব্যাংকটি ২০২৩ সালে ৭০০ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। ২০২২ সালে রূপালী ব্যাংক মুনাফা করেছিল একশ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটি ৬০০ শত কোটি টাকা বেশি মুনাফা করেছে। এ সবই হয়েছে ব্যাংকের বর্তমান সুযোগ্য ও দুরদর্শী ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ জাহাঙ্গিরের দক্ষ ব্যবস্থাপনায়। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও বিগত দুই বছরে বিতরণকৃত কোন ঋণ খেলাপি হয়নি। রূপালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটির এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খেলাপি ঋণ আদায় থেকে মুনাফা অর্জন, সর্বত্র ‘ম্যাজিক্যাল ফিগার’। এতে আরও বলা হয়, রূপালী ব্যাংকের নেতৃত্বের প্রতি কর্মীদের নিষ্ঠাশীল আনুগত্য ও ব্যাংকের প্রতি গ্রাহকদের আকাশচুম্বি আস্থার প্রমাণ পাওয়া যায় গত এক বছরে ব্যাংকটির নতুন হিসাব খোলার সংখ্যা বিশ্লেষণে। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে ৫১ বছরে ব সক্রিয় একাউন্ট ছিল ২২ লাখ। অথচ এক বছরেই নতুন একাউন্ট যুক্ত হয়েছে ৮ লাখ। বর্তমানে ৩০ লাখ গ্রাহকের রূপালী ব্যাংক জাতীয় সঞ্চয়ের বড় অংশীদারে পরিণত হয়েছে। ব্যাংকটির আমানত গত দুই বছরে ৫৩ হাজার কোটি টাকা থেকে ৬৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। পাশাপাশি ব্যাংকটিতে লোকসানী শাখা নেই বললেই চলে। বর্তমানে মাত্র ৭টি লোকসানী শাখা রয়েছে।
ব্যাংকের ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের তুলনায় ব্যাংকের ইপিএস সমন্বিতভাবে দ্বিগুণের বেশি বেড়ে ৬১ পয়সা থেকে ১ টাকা ৩৫ পয়সা হয়েছে এবং এককভাবে তিন গুণের বেশি বেড়ে ৪৫ পয়সা থেকে ১ টাকা ১৭ পয়সা হয়েছে। পাশাপাশি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ঋণাত্মক ২৭ টাকা থেকে বেড়ে ১১০ টাকা ৩২ পয়সা হয়েছে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৮৯ পয়সায়।
কর্মকর্তারা বলেছেন, একসময়ে পিছিয়ে পড়া ব্যাংকটির বর্তমান অগ্রগতির পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে ব্যাংকের অভিজ্ঞতাসম্পন্ন গতিশীল ও দূরদর্শী নেতৃত্ব। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের রয়েছে ৩৪ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা। মাঠ পর্যায় থেকে প্রধান কার্যালয়ের প্রশাসনিক সকল স্তরে রয়েছে তার অভিজ্ঞতা। তিনি ১৯৯০ সালে অফিসার পদে ব্যাংকটিতে যোগ দেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০২২ সালের আগস্ট মাসে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিইও পদে দায়িত্ব লাভ করেন।

Posted ৬:৩০ অপরাহ্ণ | বুধবার, ২৯ মে ২০২৪
Arthobiz | zaman zaman


