
| রবিবার, ০৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 94 বার পঠিত

অর্থবিজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে। তিনি যেকোন পরিস্থিতিতে জনগণের জান-মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন ।
তিনি ৩ জুলাই সেনাসদরে হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশে দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোন প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ প্রদানের পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এসময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ সকল সেনানিবাস হতে ফরমেশন কমান্ডারগণসহ সকল পদবির সেনাকর্মকর্তাগণ ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে অংশগ্রহণ করেন। সূত্র- বাসস।

Posted ৯:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০২৪
Arthobiz | zaman zaman


