
| সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 118 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চার সদস্য পদে নিয়োগ দিয়েছে সরকার। বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থার সদস্য (লাইফ) পদে নিয়োগ প্রাপ্তরা হলেন, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ (সদস্য লাইফ), মেঘনা ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সদস্য (নন-লাইফ), সাবেক অতিরিক্ত সচিব মোঃ ফজলুল হক সদস্য (প্রশাসন), এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মিজ তানজিনা ইসমাইল সদস্য (আইন)। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাদেরকে নিয়োগ দিয়ে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন- ২০১০ এর ধারা ৫ ( উপধারা -২ ) অনুযায়ী এই নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর কিংবা বয়স ৬৭ বছর পূর্তি যা আগে ঘটে সে সময়ের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তাদের পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে স্থিরীকৃত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আইডিআরএ’র নতুন নিযুক্ত সদস্য (লাইফ) মোঃ আপেল মাহমুদ গত বছরের ৫ জানুয়ারি ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের বীমা খাতের বিভিন্ন কোম্পানিতে তার প্রায় তিন দশকের কর্ম অভিজ্ঞতা রয়েছে। তিনি চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট (ইউকে) থেকে ২০০৪ সালে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইন্স্যুরেন্স ডিগ্রি, মালয়েশিয়া ইন্স্যুরেন্স ইনস্টিটিউট হতে গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমা ইন ইন্স্যুরেন্স ডিগ্রি অর্জণ করেছেন।
আইডিআরএ’র নতুন সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক সর্বশেষ মেঘনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। এছাড়াও পিপলস ইন্স্যুরেন্স, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, প্রগতি ইন্স্যুরেন্সে দায়িত্ব পালন করেছেন তিনি।
শিক্ষাজীবনে কৃতিত্বের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে পদার্থবিদ্যায় বি.এস.সি (সম্মান) সহ, প্রথম শ্রেণীতে এম.এস.সি ডিগ্রী অর্জন করেন। তিনি এএমইই কনসালটেন্ট লিমিটেডে তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে পেশাজীবন শুরু করেন এবং এরপর রাইফেল্স পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যাপনা করেন ।
১৯৮৮ সালে প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদানের মাধ্যমে বীমা জগতে তার পেশাগত জীবন শুরু হয় । তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ১৯৯৩ সালে বীমার উপর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন এবং প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রায় ১০ বছর চাকুরী শেষে তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে অনুষদ সদস্য হিসেবে যোগদান করেন। প্রায় ১০ বছরকাল চাকুরির এক পর্যায়ে তিনি ওই একাডেমিতে কিছুদিন ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বও পালন করেন। একাডেমির চাকুরী শেষে তিনি পিপল্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড- এর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
এর আগে গত ৬ নভেম্বর আইডিআরএ’র চার সদস্য একসঙ্গে পদত্যাগ করায় সংস্থার এ চারটি পদ শূন্য হয়। সরকার এক মাসেরও কম সময়ের মধ্যে শূন্য পদে নতুন চার সদস্যকে নিয়োগ দিয়েছে। এতে সংস্থার প্রশাসনে সৃষ্ট সংকট দূর হলো।

Posted ১১:২৯ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman


