বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসা বন্ধব পরিবেশ সৃষ্টিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে : ডিসিসিআই সভাপতি

  |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

ব্যবসা বন্ধব পরিবেশ সৃষ্টিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে :  ডিসিসিআই সভাপতি

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্য সহজীকরণে নির্বাচন-পরবর্তী উন্নত আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশ্যকীয়তা’ শীর্ষক মতবিনিময় সভা আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র প্রশাসক মোঃ আবদুর রহিম খান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, গত কয়েক বছরে কঠোর মুদ্রানীতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, দুর্নীতি, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে বেসরকারি খাত কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। নবনির্বাচিত সরকার ব্যবসা বন্ধব পরিবেশ সৃষ্টিতে অগ্রাধিকার ভিত্তিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে ব্যবসা ও বিনিয়োগ সহজীকরণে উদ্যোগ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের জন্য নিরাপদ ও পূর্বানুমেয় পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে আইন প্রয়োগকারী সংস্থা, নীতিনির্ধারক প্রতিষ্ঠান, অর্থনৈতিক মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বেসরকারি খাতের সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম আহসান বলেন, সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ফলে চলতি রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তুলনামূলক স্থিতিশীলতা দেখা গেছে। তিনি বলেন, বাজার ব্যবস্থাপনায় চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষা এবং নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের কোনো বিকল্প নেই। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত হলে উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ব্যয় কমে, যা পণ্যের মূল্য হ্রাসে ইতিবাচক প্রভাব ফেলে বলেও তিনি উল্লেখ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতার জন্য সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার এ বিষয়ে আরও সুদৃঢ় পদক্ষেপ নেবে।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আবদুর রহিম খান বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের জন্য উন্নত আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা গেলে রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব হবে, যা আইন ও নীতিবহির্ভূত কার্যক্রম হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।
নির্ধারিত আলোচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া বলেন, উন্নত আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছাড়া দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ সম্ভব নয়। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় আইপিও নীতিমালা ২০২৫-২৮ প্রণয়নের উদ্যোগ নিয়েছে, যা ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম সহজ করবে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জলিল বলেন, আলু উৎপাদনে অতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহারে গুণগত মান কমছে এবং আন্তর্জাতিক মানদণ্ডের অভাবে রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে কৃষক, উদ্যোক্তা ও সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মত দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে ঢাকায় প্রায় পাঁচ লাখ নতুন ব্যাটারিচালিত অটোরিকশা যুক্ত হওয়ায় যানজট বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং ঈদের পর কিছুটা ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেন তিনি। অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, চার্জিং গ্যারেজ নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থার কথাও জানান তিনি।
মুক্ত আলোচনায় ব্যবসায়ী নেতারা বলেন, যানজট, চাঁদাবাজি, দুর্বল বাজার ব্যবস্থাপনা, সিন্ডিকেট নিয়ন্ত্রণহীনতা, সহনীয় ভ্যাট ও ট্যাক্স নীতির অভাব এবং আমদানি ব্যবস্থার সীমাবদ্ধতা ব্যবসা-বাণিজ্যের বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে প্রকৃত ব্যবসায়ীদের সুযোগ বাড়ানো, পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনা, কৃষকদের ন্যায্যমূল্য ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান। আলোচনায় অংশগ্রহণকারীরা মত দেন, এসব সমস্যা সমাধান করা গেলে দেশের সামগ্রিক ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ আরও স্থিতিশীল ও গতিশীল হবে।
অনুষ্ঠানে ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মোঃ সালিম সোলায়মনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০১ অপরাহ্ণ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191