
| শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. ফজলুল হক| ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের দাবির পর সরকারি কর্মকর্তার পরিবর্তে এবার বেসরকারি খাতের একজন উদ্যোক্তাকে এ দায়িত্ব দেওয়া হলো|
রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে ২ আগস্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি| পরে সংগঠনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন| এর আগে গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জভিত্তিক পরিবেশবান্ধব পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়|
মো. ফজলুল হক এর আগে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন| বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সঙ্গেও যুক্ত রয়েছেন|
এ নিয়োগের মাধ্যমে প্রায় এক মাসের শূন্যতা কাটল এফবিসিসিআইর প্রশাসক পদে| সর্বশেষ প্রশাসক মো. আবদুর রহিম খানের মেয়াদ গত ২৬ জুন শেষ হওয়ার পর পদটি শূন্য ছিল|
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হলে প্রথমে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়| পরে তার মেয়াদ শেষ হলে ২০২৫ সালের অক্টোবরে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এ দায়িত্ব পান| তবে আদালতে চলমান মামলার কারণে নির্ধারিত সময়ের মধ্যে কেউই নির্বাচন আয়োজন করতে পারেননি|
এদিকে এফবিসিসিআই সংস্কার পরিষদসহ ব্যবসায়ী নেতারা দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তার পরিবর্তে ব্যবসায়ী মহল থেকে প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন| সেই দাবির পরিপ্রেক্ষিতেই এবার একজন উদ্যোক্তাকে এফবিসিসিআইর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে| তাঁর নেতৃত্বে নির্ধারিত সময়ের মধ্যে সংগঠনটির নির্বাচন আয়োজনের বিষয়ে ব্যবসায়ী মহলে প্রত্যাশা তৈরি হয়েছে|

Posted ৮:০৭ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
Arthobiz | zaman zaman


