
| রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 37 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
সরকারি হুঁশিয়ারি সত্ত্বেও বাজারে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি করছে পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলো। বাণিজ্য উপদেষ্টার সতর্কবার্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পরও তারা লিটারে ৯ টাকা বেশি দরে তেল সরবরাহ অব্যাহত রেখেছে। ফলে ভোক্তাদের বাড়তি মূল্য দিয়ে তেল কিনতে হচ্ছে।
‘ঘোষণা ছাড়া তেলের দাম বাড়ানো’ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, অনুমতি ছাড়া দাম বাড়ানো আইনসম্মত নয় এবং সরকার ব্যবস্থা নেবে। এরপর বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হলেও বাস্তবে তা কার্যকর হয়নি।
রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়—রূপচাঁদা, তীর, পুষ্টি, ফ্রেশসহ অধিকাংশ ব্র্যান্ড নতুন বাড়তি দামে তেল বিক্রি করছে। পাঁচ লিটারের বোতল মিলছে ৯৬৫ টাকায়, যা আগে ছিল ৯২২ টাকা। এক লিটার বোতল ১৯৮ টাকা, দুই লিটার ৩৯৬ টাকা। বাজারে থাকা কিছু পুরোনো স্টকের নিম্নদর তেল সীমিত পরিমাণে বিক্রি হচ্ছে। খোলা তেলেও বেড়েছে দাম। সয়াবিন লিটারপ্রতি ১৭০ু১৭২ টাকা, পাম অয়েল ১৫২ু১৫৫ টাকা—যা সরকারি নির্দেশনার চেয়ে বেশি।
ডিলাররা জানায়, সরবরাহে কোনো সমস্যা নেই; তবে সব কোম্পানি বাড়তি দরের তেলই দিচ্ছে। বিশ্ববাজারে দাম বাড়ার অজুহাত দেখিয়ে ১০ নভেম্বর রিফাইনারি মালিকদের সংগঠন দাম বাড়ানোর চিঠি দিলেও বাণিজ্য মন্ত্রণালয় জানায়—সরকার এখনও মূল্য বৃদ্ধি অনুমোদন করেনি। কোম্পানিগুলোর দাবি, আইন অনুযায়ী তারা দাম সমন্বয় করেছে।

Posted ১২:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
Arthobiz | zaman zaman


