
| সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 36 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকায় চার দিনব্যাপী রিহ্যাবের আবাসন মেলা আগামী বুধবার (২৪ ডিসেম্বর) শুরু হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করা হয়েছে। ২৭ ডিসেম্বর পযর্ন্ত মেলা চলবে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এই মেলার আয়োজন করেছে ।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ সোমবার (২২ ডিসেম্বর) এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার সকাল ১১টায় মেলার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম। উদ্বোধনী দিনের পর থেকেই দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। পরবর্তী দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় থাকছে মোট ২২০টি স্টল।
লিখিত বক্তব্যে রিহ্যাব সভাপতি বলেন, ড্যাপের কারণে দীর্ঘদিন ধরে আবাসন খাতে যে স্থবিরতা তৈরি হয়েছিল, নতুন ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালার গেজেট প্রকাশের মাধ্যমে তা কাটতে শুরু করেছে। এতে ডেভেলপার ও ক্রেতাদের মধ্যে নতুন করে আস্থা ও ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আবাসন খাত শুধু বাসস্থান নিশ্চিত করছে না, বরং অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নির্মাণ খাতের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং রডুসিমেন্টসহ দুই শতাধিক সংযোগ শিল্পের বিকাশ ঘটছে। দেশের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণ খাতের অবদান প্রায় ১৫ শতাংশ এবং এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ৫০ লাখ মানুষ।
মেলায় দর্শনার্থীদের জন্য সিঙ্গেল ও মাল্টিপল এন্ট্রি টিকিটের ব্যবস্থা থাকছে। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সম্পূর্ণভাবে দুস্থদের কল্যাণে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কার্যক্রমে ব্যয় করা হবে। এছাড়া প্রতিদিন র্যাফেল ড্রয়ের মাধ্যমে দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
এবারের রিহ্যাব ফেয়ারে চারটি ডায়মন্ড স্পন্সর, সাতটি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান এবং ১২টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, শেলটেক লিমিটেড ও ট্রপিক্যাল হোমস লিমিটেড।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া, সহসভাপতি লায়ন এম এ আউয়াল, সহসভাপতি (অর্থ) আব্দুর বিশ্বাস, মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস, কো-চেয়ারম্যান সুরুজ সরদার, পরিচালক শেখ কামালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Posted ৬:১৫ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Arthobiz | zaman zaman


