বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু

  |   রবিবার, ০৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   129 বার পঠিত

ঢাকায় চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু

অর্থবিজ ডেস্ক :
জেলা প্রশাসকদের (ডিসি) চার দিনব্যাপী বার্ষিক সম্মেলন আজ ঢাকায় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে এই সম্মেলনের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্যে সারাদেশে ভবন নির্মাণে বিল্ডিং কোড বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একই সাথে রমজান মাস সামনে রেখে যে কোনো ধরনের খাদ্য মজুদ ও ভেজালের বিরুদ্ধে কঠোর হওয়ারও নির্দেশ দেন।
তিনি বলেন, ‘বিল্ডিং কোড অনুসরণ করে সঠিকভাবে ভবন নির্মাণ করা হচ্ছে কিনা তা সবাইকে লক্ষ্য রাখতে হবে। শুধু সিটি করপোরেশন এলাকায় নয়, দেশের অন্যান্য স্থানেও এটি অনুসরণ করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, স্থাপনা নির্মাণে যেন বিল্ডিং কোড মেনে করা হয় সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। শুধুমাত্র যেখানে সিটি কর্পোরেশন আছে সেখানেই নয়, সার্বজনীনভাবে প্রত্যেক জায়গায়ই এই বিষয়টা মানতে হবে। অগ্নি নির্বাপন ব্যবস্থা, পর্যাপ্ত আলো বাতাস সরবরাহের ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা এগুলো রেখেই নির্মাণ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের উন্নয়ন করছে, পাশাপাশি দেশের মানুষের অধিকারও নিশ্চিত করা দরকার। তিনি বলেন, কোভিড-১৯ অতিমারি এবং ইউক্রেন -রাশিয়া যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়েছে। পৃথিবীতে এখন এমন দেশও রয়েছে যেখানে মূল্যস্ফীতি ৪০ ভাগে উঠে গেছে। বাংলাদেশেও এর থেকে দূরে নয়, যদিও বাংলাদেশে এখনো মূল্যস্ফীতি ১০ ভাগের নিচে রয়েছে। কিন্তু তারপরও সমস্যা রয়ে গেছে। আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে আমাদের বাজার পরিস্থিতি কেমন রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সামনে রমজান মাস আসছে। এ সময় কিছু কিছু ব্যবসায়ী সব সময় মজুদদারি করে, পণ্যের দাম বাড়িয়ে মুনাফা লুটতে চায়। সেদিকে আমাদের নজর দিতে হবে, কেননা এটি আমাদের আশু করণীয় কাজ ।
তিনি বলেন, ‘কোথাও যেন ভোক্তাদের কোনরকম হয়রানির শিকার হতে না হয়। আমাদের দেশীয় উৎপাদন বাড়াতে হবে। পরনির্ভরশীলতা কমাতে হবে, আর এটা যে আমরা করতে পারি সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে প্রমাণ করেছি। সেদিকে একটু নজর দেয়া একান্তভাবে দরকার’।
তিনি খাদ্যে ভেজাল দেয়া প্রতিরোধেও জেলা প্রশাসকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, রোজা আসলেই এই সমস্যাগুলো বেশি পরিমাণে দেখা দেয়। এগুলোর দিকেও নজর দেয়া একান্ত ভাবে দরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া বক্তব্য রাখেন। বিভাগীয় কমিশনারদের পক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এবং জেলা প্রশাসকদের পক্ষে বক্তব্য রাখেন চট্টগ্রামের ডিসি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও গাইবান্ধার ডিসি কাজী নাহিদ রসুল।
এ বছরের ডিসি সম্মেলন অন্যান্য যে কোন বছরের তুলনায় গুরুত্বপূর্ণ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী সকল কর্মকান্ড কেন্দ্রীভূত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি মন্ত্রিসভা বৈঠক ও সচিব সভায়ও দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে মাঠ পর্যায়ে যারা কাজ করেন তারা কীভাবে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবেন সেই বিষয়ে প্রথম সম্মেলনে নির্দেশনা নেবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়।
একদিন আগে শনিবার সচিবলয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রি পরিষদ সচিব এই সম্মেলনের সাবির্ক বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ২৫টি কার্য অধিবেশনসহ মোট ৩০টি অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের পরবর্তী কার্য অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সম্মেলনে ডিসিদের দেয়া ৩৫৬টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। প্রস্তাবগুলোর মধ্যে জনসেবা বৃদ্ধি, জনসাধারণের ভোগান্তি কমানো, সড়ক-মহাসড়ক ও সেতু নির্মাণ, পর্যটন সম্প্রসারণ, নিয়ম-কানুন সংশোধন এবং জনস্বার্থ রক্ষাসহ বিভিন্ন বিষয় প্রস্তাবে অগ্রাধিকার পেয়েছে।
এজেন্ডায় রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মসূচি, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ই-গভর্নেস, শিক্ষার মান উন্নয়ন ও এর সম্প্রসারণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পরিদর্শন ও সমন্বয়।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191