
| বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 60 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক সংকটে থাকা শরিয়াহভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি নতুন ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত কার্যকরের অংশ হিসাবে এই ব্যাংকগুলোর বোর্ড ভেঙ্গে দেয়া হয়।
আজ বুধবার (৫ নভেম্বর) এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের বোর্ড বিলুপ্ত করা হয়। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে চিঠি পাঠিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনিয়ম, মালিকানা জটিলতা ও তারল্যসংকটের কারণে ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে ঝুঁকিতে ছিল। গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত তাদের একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একীভূত ব্যাংকের প্রাথমিক মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দেবে সরকার এবং বাকি ১৫ হাজার কোটি টাকার শেয়ার থাকবে আমানতকারীদের নামে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এই পাঁচ ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারী রয়েছেন। তাদের সম্মিলিত আমানতের পরিমাণ ১ লাখ ৪২ হাজার কোটি টাকা, আর ঋণের পরিমাণ ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ৭৬ শতাংশই খেলাপি ঋণ। বিশেষ করে ইউনিয়ন ব্যাংকে ৯৮ শতাংশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৯৭ শতাংশ ঋণ খেলাপি রয়েছে।
প্রথম ধাপে আমানতকারীরা আমানত সুরক্ষা তহবিল থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। কারও জমা যদি দুই লাখ টাকার কম হয়, তাহলে পুরো অর্থ ফেরত দেওয়া হবে। এর বেশি থাকলে প্রাথমিকভাবে দুই লাখ টাকা, বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধ করবে ব্যাংক। একীভূতকরণ প্রক্রিয়া তদারকিতে বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকে পাঁচজন প্রশাসক নিয়োগ দিয়েছে।

Posted ৬:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
Arthobiz | zaman zaman


