
| শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 41 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) নতুন করে সরকারের কাছ থেকে ১ হাজার কোটি টাকার ঋণ পাচ্ছে। প্রতিষ্ঠানটির আবেদনের পর অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা জারি করেছে।
মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়, আইসিবির আর্থিক সক্ষমতা বাড়ানো ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ২০২৫ু২৬ অর্থবছরের বাজেটের আওতায় ১ হাজার কোটি টাকা সুদযুক্ত ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। এ অর্থ ‘পরিচালন ঋণ’ খাত থেকে বরাদ্দ হবে। সংশ্লিষ্ট খাত নম্বরও চিঠিতে উল্লেখ রয়েছে। সরকারি সহায়তার বিনিময়ে আইসিবিকে নির্ধারিত শর্ত মানতে হবে। পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত অনিষ্পন্ন অগ্রিম সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে ঋণচাপে থাকা আইসিবি সুদ পরিশোধ ও বিনিয়োগ সক্ষমতা পুনরুদ্ধারের জন্য সরকারের কাছে বিশেষ তহবিল চেয়েছিল। তাদের দাবি ছিল ৫ হাজার কোটি টাকা। তবে বিষয়টি বাংলাদেশ ব্যাংকে পাঠালে কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের অবস্থান উল্লেখ করে প্রস্তাবটি নাকচ করে দেয়। পরে সরকার সীমিত আকারে ১ হাজার কোটি টাকার ঋণে সম্মতি দেয়।
আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ জানান, এই অর্থ ছাড় হলে প্রতিষ্ঠানটি আবার কার্যকরভাবে কাজ করতে পারবে। তিনি বলেন, “আমরা চাইছিলাম ৫ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক আপত্তি তোলায় শেষ পর্যন্ত মন্ত্রণালয় ১ হাজার কোটি টাকা দিতে রাজি হয়। আমরা অনুরোধ করেছি দ্রুত টাকা ছাড় করার জন্য। এ নিয়ে আগামীকাল আইসিবি ও মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি হবে।”

Posted ৫:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Arthobiz | zaman zaman


