
| শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 26 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন | হজের উদ্বোধনী ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে| চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন|
এ দিকে হজযাত্রীদের জন্য আজওয়া খেজুরসহ প্রয়োজনীয় সামগ্রী শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান| প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এসব উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়| ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে|
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে| এসব উপহারসামগ্রী প্যাকেট করা হয়েছে এবং তা উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের কাছে হস্তান্তর করা হবে|
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, প্রধানমন্ত্রীর পক্ষ হতে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে| এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজক্যাম্পে আগত হজযাত্রীদের সরবরাহ করা হচ্ছে|

Posted ৯:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


