
| সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 53 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের প্রস্তাব বাতিল করায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংক চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ বলেন, গত বছরের ৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই সেটি বাতিল করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান অর্থ উপদেষ্টা গভর্নর থাকাকালে এই সংশোধনের পক্ষে থাকলেও এখন তা প্রয়োজন নেই বলে মত দিয়েছেন। এ অবস্থানকে দ্বিমুখী উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই তাঁর পদত্যাগ দাবি করা হচ্ছে।
প্রতিবাদ সভায় জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচনে এগিয়ে থাকা দুটি রাজনৈতিক দলই তাদের নির্বাচনী ইশতেহারে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের পক্ষে অবস্থান নিয়েছে। বক্তারা বলেন, যে দলই সরকার গঠন করুক, দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বাস্তবায়ন করা উচিত। নির্বাচনের পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর স্বায়ত্তশাসন নিশ্চিত ও আইনি কাঠামো শক্তিশালী করতে প্রস্তাব দেওয়া হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
তিনি বলেন, আর্থিক খাতের শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে একটি স্বাধীন ও সক্ষম কেন্দ্রীয় ব্যাংক অপরিহার্য। কিন্তু বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন অধ্যাদেশ প্রণীত না হওয়ায় সে লক্ষ্য অর্জন ব্যাহত হচ্ছে।

Posted ৭:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
Arthobiz | zaman zaman


