
| বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | 91 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংক ২০২৪-২৫ অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। নতুন মূদ্রানীতিতে নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে । এতে ব্যাংকঋণের সুদের হারের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা শ্লথ হবে বলে ধারনা করা হচ্ছে। আজ ১৮ জুলাই বৃহস্পতিবার নতুন মূদ্রানীতি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতিতে নীতি সুদহার আর না বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে । তবে আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে কড়াকড়ি বা বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। মূদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, এখন থেকে গাড়ি, ফলমূল, ফুল ও প্রসাধনী আমদানির ক্ষেত্রে শুধু ঋণপত্রের বিপরীতে নগদ অর্থ জমা দিয়ে এসব পণ্য আমদানি করতে হবে। এর বাইরে অন্য পণ্য আমদানিতে অগ্রিম অর্থ জমা দিতে হবে না। নতুন মূদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি আগের মতো রাখা হয়েছে। গত জুন পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৯ দশমিক ৮ শতাংশ। আগামী ডিসেম্বর পর্যন্ত বেসরকারি ঋণের প্রবৃদ্ধির এ হারই বহাল রাখা হয়েছে। অন্যদিকে সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি জুন শেষে দাঁড়িয়েছে ১২ দশমিক ৮ শতাংশ।
নতুন মূদ্রানীতিতে সরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে ১৪ দশমিক ২ শতাংশ করা হয়েছে। অর্থাৎ ব্যাংক খাত থেকে সরকারকে আরও বেশি ঋণ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা ছাপিয়ে (রিজার্ভ মানি) মূদ্রার সরবরাহ বাড়াবে না বলে ঘোষণা দিয়েছে। জুনে রিজার্ভ মানির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৯ শতাংশ। ডিসেম্বরে এ প্রবৃদ্ধি কমিয়ে ২ শতাংশ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলন না করে এবারে মূদ্রানীতি আজ সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

Posted ৬:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman


