
| সোমবার, ২৯ জুলাই ২০২৪ | প্রিন্ট | 90 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
সাম্প্রতিক সহিংস ঘটনায় ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে সরকার। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ব্যবসায়িদের সাথে এক মতবিনিময় সভায় তাদের ক্ষতির পরিমান লিখিত ভাবে জানাতে বলেন। ব্যবসায়ীরা অল্প সময়ের মাঝেই সকল খাতের ক্ষতির পরিমাণ লিখিতভাবে সরকারকে জানাবেন বলে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের জানান। রোববার ২৮ জুলাই আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ঢাকার বাইরে খুব বেশি ক্ষতি হয়নি। ঢাকা এবং ঢাকার আশপাশের স্থান অর্থাৎ বৃহত্তর ঢাকার ব্যবসায়ীদের উপর সাম্প্রতিক এই পরিস্থিতির প্রভাব বেশি। অন্যান্য জেলাগুলোতে এর তেমন প্রভাব পরেনি। তবুও ব্যবসায়ীরা লিখিতভাবে জানানোর পর আমরা সঠিকভাবে ক্ষতির পরিমান বলতে পারবো।
সভায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমসহ দেশের শীর্ষ শিল্প গ্রুপের প্রধানগণ।
মতবিনিময় সভা শেষে সালমান এফ রহমান আরও বলেন, আমরা ৫টা সমস্যা চিহ্নিত করতে পেরেছি। চট্টগ্রাম পোর্টে সমস্যার কথা ব্যবসায়ীরা বলেছেন। সংশ্লিষ্টদের নিয়ে আমরা আগামীতে বৈঠকে বসবো। দ্বিতীয় সমস্যা তারা বলেছেন, এনবিআরের সঙ্গে। এনবিআরকে নিয়েও একটা মিটিং করবো। তৃতীয় মিটিং করবো বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে।
তিনি বলেন, বাজেটে অনেক কিছুই এসেছে যাতে ব্যবসায়ীদের সমস্যা হতে পারে। সেটা সমাধান করা যেতে পারে। এছাড়া ব্যাংকিং, ইন্টারনেট ও বিদ্যুৎ-জ্বালানিতে সমস্যার কথা ব্যবসায়ীরা আজকের বৈঠকে জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ইন্টারনেটের জেনারেল সিস্টেমটা যদি নষ্ট হয়ে যায়, কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে ব্যবসায়ীদের জন্য স্ট্যান্ডবাই সিস্টেম করা যায় কি না, এমন পরামর্শ ব্যবসায়ীরা দিয়েছেন। যাতে ব্যবসাটা চলতে পারে। আগামীতে উদ্ভূত পরিস্থিতি এড়াতে ব্যবসায়ীরা আলাদা ইন্টারনেট চেয়েছেন।
ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীরা এই পরিস্থিতি ওভারকাম করতে পারবেন। তারা সরকারকে সব ধরনের সহায়তা করবেন।
আন্দোলনকে কেন্দ্র করে গুজব ও মিথ্যা কথা সোশ্যাল মিডিয়া-বাইরের মিডিয়ায় প্রচার হয়েছে জানিয়ে তিনি বলেন, বাইরে আমাদের ইমেজ নিয়ে সমস্যা হয়েছে। এটা এখন রিপেয়ার করতে হবে। এজন্য প্রথমে আমাদের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। সব স্বাভাবিক হলে ইমেজ ড্যামেজ অনেকটা রিকভার হবে।

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman


