
| বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 31 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজার ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটছে সরকার| বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে| এর অংশ হিসেবে বিএসইসি ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আইনে বড় পরিবর্তনের প্রক্রিয়া চলছে| সংশোধনীতে সংস্থা দুটির চেয়ারম্যান পদের সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে|
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার ˆবঠক অনুষ্ঠিত হবে| প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই ˆবঠকে বিএসইসি ও আইডিআরএ-এর চেয়ারম্যান ও সদস্যদের বয়সসীমা সংক্রান্ত আইনি সংশোধনীর প্রস্তাবটি উপস্থাপনের কথা রয়েছে|
বর্তমানে বিএসইসি আইন অনুযায়ী, সংস্থাটির চেয়ারম্যানের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর| অর্থাৎ, বয়স ৬৫ বছর হয়ে গেলে কেউ এই পদে থাকতে পারেন না| অন্যদিকে, আইডিআরএ’র চেয়ারম্যানের ক্ষেত্রে এই বয়সসীমা ৬৭ বছর| মন্ত্রিসভার ˆবঠকে উত্থাপিত প্রস্তাবে এই বয়সসীমা পুরোপুরি তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে| এটি কার্যকর হলে যে কোনো বয়সের যোগ্য ব্যক্তি সংস্থা দুটির শীর্ষ পদে বসতে পারবেন|
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুঁজিবাজারকে গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে নিয়ন্ত্রক সংস্থার কাঠামোয় বড় ধরনের রদবদল জরুরি বলে মনে করছে সরকার| বিশেষ করে বিনিয়োগকারী ও অংশীজনদের পক্ষ থেকে বর্তমান বিএসইসি চেয়ারম্যানের অপসারণের দাবি জোরালো হয়ে উঠেছে| আইন সংশোধন হলে বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে দ্রুত নতুন চেয়ারম্যান নিয়োগের পথ প্রশস্ত হবে| পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে চলা আইডিআরএ-তেও নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে|
আইন সংশোধনের আগে বিভিন্ন দেশের বাজার নিয়ন্ত্রক সংস্থার উদাহরণ পর্যালোচনা করেছে অর্থ মন্ত্রণালয়| সেখানে দেখা গেছে, অনেক দেশেই নিয়ন্ত্রক সংস্থার প্রধানদের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা থাকে না| তবে ভারতে সর্বোচ্চ ৬২ বছর, পাকিস্তানে ৬৫ বছর এবং থাইল্যান্ডে এই বয়সসীমা ৭০ বছর নির্ধারিত আছে| বাংলাদেশের ক্ষেত্রে শুরুতে বয়সসীমা ৬০ বছর করার কথা ভাবা হলেও শেষ পর্যন্ত তা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে|
আজকের ˆবঠকে মন্ত্রিসভার অনুমোদন পেলে আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে| বর্তমান সংসদ অধিবেশনেই এই সংশোধনী পাস হতে পারে বলে আশা করা হচ্ছে| অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত সিদ্ধান্ত নিতে চায় সরকার| আইন পাস হওয়ার পরপরই নতুন নেতৃত্ব নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে|

Posted ৬:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


