
| বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 202 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
সানালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একজন চৌকস ও দূরদর্শী মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পেতে যাচ্ছে। কোম্পানিটির প্রতিষ্ঠাকালীন সিইও অজিত চন্দ্র আইচ ফের সোনালী লাইফে ফিরছেন স্বপদে। গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সোনালী লাইফের ৪৯ তম পর্ষদ সভায় পরবর্তী তিন বছরের জন্য তাকে কোম্পানির সিইও পদে নিয়োগ দিয়েছে। তার এই নিয়োগ অনুমোদন চেয়ে কোম্পানির পরিচালনা পষর্দ আবেদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষে (আইডিআরএ)।
তার এই নিয়োগের মধ্য দিয়ে দেশের চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স আবারো একজন চৌকস এবং দূরদর্শী বীমা ব্যক্তিত্বের নেতৃত্ব পেতে যাচ্ছে।
মুখ্য নির্বাহী পদে অজিত চন্দ্র আইচের এই নিয়োগ অনুমোদনের জন্য ইতিমধ্যেই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে সোনালী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
কাম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে তার এই ফিরে আসা দেশের জীবন বীমা খাতের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা। তারা মনে করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মতো একটি কোম্পানি যার ১৫ লাখেরও বেশি গ্রাহক আর ২৬ হাজারের বেশি কর্মী রয়েছে। বিগত ১০ বছর চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফ শীর্ষ অবস্থানে রয়েছে। কোম্পানিটির গ্রাহকদের বোনাস এবং শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ডও অনেক আকর্ষণীয়। এমন একটি কোম্পানিতে মুখ্য নির্বাহী হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ অজিত চন্দ্র আইচের পেশাগত দক্ষতা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও সাফল্যের সাক্ষ্য বহন করে।
মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের বিষয়ে জানতে চাইলে অজিত চন্দ্র আইচ বলেন, পরিচালনা পর্ষদ কোম্পানির বৃহত্তর স্বার্থে আমাকে সিইও হিসেবে নিয়োগের সুপারিশ করে ফাইল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। আইডিআরএ’র অনুমোদন পেলেই আমি দায়িত্ব গ্রহণ করব।
বর্তমান পরিস্থিতি থেকে কোম্পানির উত্তরণ ও কোম্পানি নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এক বিশাল কর্মী বাহিনী রয়েছে, যথাযথ নেতৃত্বের মাধ্যমে তাদেরকে কাজে লাগিয়ে এবং বীমা আইন ও আইডিআরএ’র নির্দেশনা মেনে কোম্পানির সার্বিক কর্মকান্ড এগিয়ে নেব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে উচ্চতর ডিগ্রি নেয়া অজিত চন্দ্র আইচের পেশাগত জীবনের শুরু হয়েছিল ১৯৮৫ সালের ২০ মে জীবন বীমা কর্পোরেশনের চট্টগ্রামস্থ ৭১৭ ব্র্যাঞ্চে উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগদানের মধ্য দিয়ে। ১৯৮৯ সালের শেষ দিকে দেশের প্রথম বেসরকারি জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে যোগ দেন আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে।
তৎকালীন বীমা ব্যক্তিত্ব এন এইচ সিদ্দিক ও এ টি এম জাফর উল্লাহ চৌধুরীর সরাসরি সান্নিধ্যে থেকে বীমা পেশাকে ভালোবেসে চ্যালেঞ্জ নিয়ে সারাদেশব্যাপী সংগঠন সৃষ্টি করে পর পর তিনবার ন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কার পান।
১৯৯৩ সালের মে মাসে ন্যাশনাল লাইফ ছেড়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্য এম মকবুল হোসেনের হাত ধরে সন্ধানী লাইফে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২০ বছর সারাদেশে তৃণমূল পর্যায়ে, উপজেলা, জেলা বিভাগীয় পর্যায়ে সংগঠক ও কর্মী সৃষ্টির মাধ্যমে সন্ধানী লাইফকে একটি ভাল অবস্থানে নিয়ে যান।
চতুর্থ প্রজন্মের ১৩ টি জীবন বীমা কোম্পানির মধ্যে সোনালি লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা করার জন্য আইডিআরএ’ থেকে প্রথম লাইসেন্স পায় এবং ২০১৩ সালের পহেলা আগস্ট থেকে পথ চলা শুরু করে। সোনালি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ অজিত চন্দ্র আইচের দীর্ঘ দিনের অভিজ্ঞতা ও কর্ম দক্ষতা বিবেচনা করে তাকে প্রতিষ্ঠাকালীন সিইও হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং যথারীতি আইডিআরএ’র অনুমোদন পেয়ে যথাযথ দায়িত্ব পালন করেন। জনাব অজিত চন্দ্র আইচ সোনালি লাইফ ইন্স্যুরেন্সে শতভাগ তথ্যপ্রযুক্তি নির্ভও গ্রাহক সেবা প্রদান, প্রশিক্ষিত এজেন্ট কেন্দ্রিক বিপণন কার্যক্রম পরিচালনা, সর্বোপরি গ্রাহকের আস্থা অর্জনের লক্ষ্যে বিভিন্ন উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছিলেন। দেশের অন্তত ৪০ টি জেলায় উদ্যমী শিক্ষিত তরুণদের সংগঠিত করে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম সম্প্রসারণ করেন। জনাব অজিত চন্দ্র আইচের বলিষ্ঠ নেতৃত্ব ও পরিচালনা পর্ষদের পূর্ণ সহযোগিতার ফলে মাত্র ছয় বছরের মধ্যে চতুর্থ প্রজন্মের প্রথম কোম্পানি হিসেবে পুঁজিবাজারে প্রবেশ করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স।
২০২০ সালের ৩০ জুন দীর্ঘ সাত বছরের কোম্পানির উন্নয়নের অগ্রযাত্রা চলমান রেখে তিনি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সেখানে সফলতার সাথে তিনি তিন বছর মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। প্রোগ্রেসিভ লাইফের পরিচালকদের মধ্যকার অভ্যন্তরিন দ্বন্দের ঘটনায় তিনি মেয়াদ শেষ হবার তিন মাস আগেই স্বেচ্ছায় অব্যাহতি নেন।
সম্প্রতি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিইওকে অব্যাহতি দেয়ার পর কোম্পানির সিইও পদটি শূন্য হয়। এমন পরিস্থিতিতে কোম্পানির উন্নয়ন ও গ্রাহক সেবা অব্যাহত রাখতে পরিচালনা পর্ষদ পুনরায় অজিত চন্দ্র আইচকে সোনালী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার নিয়োগ প্রস্তাব অনুমোদন চেয়ে আইডিআরএ আবেদন করা হয়।

Posted ৭:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
Arthobiz | zaman zaman


