
| বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 164 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক:
স্বদেশ ইসলামী লাইফের মুখ নির্বাহী কর্মকর্তা পদে ইখতিয়ার উদ্দিন শাহীনের পুনর্নিয়োগ অনুমোদন না করার আইডিআরএ’র আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের একটি বেঞ্চ গত ২১ মার্চ প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দিয়েছে।
আদালত একই সাথে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইখতিয়ার উদ্দিন শাহীনের স্বদেশ ইসলামী লাইফের মুখ নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী।
২০২৩ সালের ৩ আগস্ট আইডিআরএ স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে ইখতিয়ার উদ্দিন শাহীনের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষেধাধাজ্ঞা জারি করে। কোম্পানির প্রিমিয়ামের টাকা ব্যক্তিগত একাউন্টে লেনদেন এবং অবৈধভাবে ইনসেনটিভ বোনাস নিয়ে গ্রাহক স্বার্থ ক্ষুন্ন করার অভিযোগে বীমা আইন ২০১০ এর ৫০ ধারার ১(খ) উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা প্রদান করা হয় বলে আডিআরএ’র পত্রে উল্লেখ করা হয়।
ইখতিয়ার উদ্দিন শাহীন স্বদেশ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান ২০২০ সালের ৯ জুন। গত ৮ জুন ২০২৩ তারিখে তার নিয়োগ চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
দ্বিতীয় দফায় ইখতিয়ার উদ্দিন শাহীনের নিয়োগ নবায়নের অনুমোদন চেয়ে কর্তৃপক্ষে আবেদন পাঠায় স্বদেশ ইসলামী লাইফ। তবে নিয়োগ নবায়নের এই আবেদন না-মঞ্জুর করেছে আইডিআএ। গত ১৭ আগস্ট ২০২৩ তারিখে এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
পরবর্তীতে গত ২৮ আগস্ট ইখতিয়ার উদ্দিন শাহীনের নিয়োগ নবায়নের আবেদন পুনর্বিবেচনার আবেদন করেন বীমা কোম্পানিটির চেয়ারম্যান। তবে সেই আবেদনও সুরাহা হয়নি। সেই প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হন ইখতিয়ার উদ্দিন শাহীন।

Posted ৬:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
Arthobiz | zaman zaman


