
| সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 108 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান ও ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে গতকাল ১৮ আগস্ট এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে৷
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে, এতদ্বারা স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ-২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে, বাংলাদেশের পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো। ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানকে এবং ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে আলাদা আলাদা প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।
এর আগে ১৬ আগস্ট এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ুএর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

Posted ৭:২০ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪
Arthobiz | zaman zaman


