
| মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | 32 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বীমা শিল্পের চলমান সার্বিক বিষয় নিয়ে আলোচনা এবং করণীয় নির্ধারণে জীবন বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) নিয়ে উচ্চপর্যায়ের এক মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)|
আগামী ১২ জুলাই (রবিবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর ঢাকা ক্লাবে এ সভা অনুষ্ঠিত হবে| বিআইএর সেক্রেটারি মো. ওমর ফারুক (এনডিসি) স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সকল চেয়ারম্যান ও সিইওদেরেকে পাঠানো হয়েছে|
নোটিশে বলা হয়েছে, দেশের বীমা শিল্পের চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যানদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে| সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ|
এতে সভাটিকে বীমা খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে| একই সঙ্গে কোম্পানির চেয়ারম্যানদের উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে|
নোটিশে কোনো কারণে চেয়ারম্যান উপস্থিত থাকতে অপারগ হলে কোম্পানির ভাইস-চেয়ারম্যান অথবা পরিচালনা পর্ষদের একজন সদস্যকে অবশ্যই সভায় অংশ নেয়ার অনুরোধ জানানো হয়েছে| বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানির চেয়ারম্যানকে যথাযথভাবে অবহিত করার জন্যও সিইওদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে|
বীমা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, অনিষ্পন্ন দাবি নিষ্পত্তি, নিয়ন্ত্রক সংস্কার এবং শিল্পের সার্বিক উন্নয়ন নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনার প্রেক্ষাপটে বিআইএর এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা| সভায় এসব বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে|

Posted ৭:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


