
| সোমবার, ০৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | 132 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বেসরকারি জীবন বীমা খাতের কোম্পানি সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ৫ বছরে নির্ধারিত ব্যয়সীমার চেয়ে অতিরিক্ত ৫৭ কোটি টাকা খরচ করেছে। কোম্পানিটি নির্ধারিত সীমার অতিরিক্ত কমিশন প্রদান, বেতন ও কমিশন খাতে মোট ব্যবস্থাপনা ব্যয়ের ৮০ দশমিক ৫০ শতাংশ খরচ করেছে। এই ব্যয়ের যৌক্তিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রধান কার্যালয়ে ৭ জুলাই রোববার বীমা কোম্পানিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার অনুষ্ঠিত এক সভায় এই তথ্য তুলে ধরা হয়। আইডিআরএ’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সব সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং সানফ্লাওয়ার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সেক্রেটারিসহ অন্যান্য কর্মকর্তাগণ।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের মুখপাত্র পরিচালক (উপসচিব) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ৪১ দশমিক ৩০ শতাংশ ও ২০২৩ সালে ১৫ শতাংশ অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করেছে । অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের খাতওয়ারী চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ ব্যয় হয় কমিশন ও বেতন খাতে, যা মোট ব্যবস্থাপনা ব্যয়ের ৮০ দশমিক ৫০ শতাংশ।
কোম্পানির লাইফ ফান্ডের সর্বোচ্চ ১০ শতাংশ তারল্যে রূপান্তরের যোগ্য। লাইফ ফান্ডের বাকি ৯০ শতাংশ মানসম্মত বিনিয়োগ নয়। দ্বিতীয় বর্ষের নবায়ন প্রিমিয়ামের হার ২ শতাংশেরও কম। এর ফলে পলিসি গ্রহীতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলেও সভায় উল্লেখ করা হয়। কোম্পানিটির লাইফ ফান্ডের ৯০ শতাংশই তারল্যে রূপান্তরের অযোগ্য। এরফলে কোম্পানিটি বীমা দাবি পরিশোধ করতে পারছে না।
সভায় এজেন্টদের কমিশন নির্ধারিত সীমার মধ্যে রাখার উপর গুরুত্বারোপ করা হয়। কোম্পানির লাইফ ফান্ড যথাযথকরণ, যথাসময়ে বার্ষিক হিসাব প্রতিবেদন প্রস্তুত, তথ্যাদির নির্ভুলতা যাচাই করে কর্তৃপক্ষে দাখিল, নবায়ন প্রিমিয়াম আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপসহ এ সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়।
জানা গেছে, সভা থেকে আইডিআরএ কোম্পানি কর্তৃপক্ষকে কয়েকটি নির্দেশনা দিয়েছে। সেগুলো হলো- কোম্পানির গ্রেড অনুযায়ী কর্মচারীদের নাম, পদবী ও বেতনের পরিমাণসহ বিস্তারিত জানতে চেয়েছে আইডিআরএ। প্রথম বর্ষ মোট প্রিমিয়াম ও তার ওপর এজেন্ট কমিশন ও অন্যান্যদের কমিশনের পরিমাণ (পৃথকভাবে), প্রথম বর্ষ কমিশনের ১০ শতাংশ পরিমাণ, এরজন্য কী পরিমাণ দ্বিতীয় বর্ষে পরিশাধ করা হয়েছে, প্রমাণসহ তথ্য দাখিল করতে বলা হয়েছে। লাইফ ফান্ডের যে পরিমাণ অর্থ তারল্যে রূপান্তরযোগ্য নয়, তার পরিমাণ ও অবলোপন করতে হবে।
এসব বিষয় নিয়ে আইডিআরএ’র পরিচালক ও মুখপাত্র মো. জাহাঙ্গীর আলম বলেন, অতিরক্তি ব্যবস্থাপনা ব্যয়, রূপান্তর অযোগ্য লাইফ ফান্ডসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের কাছে কিছু কিছু তথ্য চাওয়া হয়েছে। সেগুলো পাওয়ার পর যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Posted ৫:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman


