
| রবিবার, ০৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | 120 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
চীনা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রির উচ্চ পর্যায়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল আজ ঢাকায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী অফিস পরিদর্শন করেছে।
চীনা সিটিইএক্সআইসি কর্পোরেশনের চেয়ারম্যান হুয়াং লিয়ানশেংয়ের নেতৃত্বে প্রতিনিধিদলটিকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বাংলাদেশে ইপিজেডের সূচনা ও কার্যক্রম সম্পর্কে তাদেরকে অবহিত করেন। তিনি বলেন, ৪৩ বছর আগে কার্যক্রম শুরু করে আজ পর্যন্ত বেপজা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলছে। এই লক্ষ্য অর্জনের অন্যতম মাধ্যম হলো উৎপাদন খাতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আনয়ন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘পর্যাপ্ত এবং সস্তা শ্রমশক্তির সহজলভ্যতার কারণে তৈরি পোশাক শিল্প আমাদের উৎপাদন খাতে আধিপত্য বিস্তার করে থাকলেও আমরা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য, গাড়ীর যন্ত্রাংশ, তথ্য প্রযুক্তি পণ্য, মেশিনারি পার্টসের মতো বৈচিত্রময় খাতে আরও বিনিয়োগকে উৎসাহিত করছি।’ পোশাক ও টেক্সটাইল ছাড়াও এসব বৈচিত্রময় খাতে বিনিয়োগের জন্য তিনি চীনা প্রতিনিধিদলকে আহ্বান জানান।
হুয়াং লিয়ানশেং বেপজার সাথে সহযোগিতা জোরদার করাসহ টেক্সটাইল এবং পোশাক শিল্পে বিনিয়োগ বাড়ানোর সম্ভাব্য ক্ষেত্র অন্বেষণ করার আশা প্রকাশ করেন।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর বলেন, বেপজা বাংলাদেশের একটি অগ্রগামী বিনিয়োগ উন্নয়নমূলক সংস্থা। ৪৪ বছর ধরে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ইপিজেডসমূহে বিনিয়োগকারীদের সেবা প্রদান করে আসছে সংস্থাটি। তিনি চীনা বিনিয়োগকারীদের তাদের পরবর্তী বিনিয়োগ গন্তব্য হিসেবে ইপিজেডসমূহ এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।
নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) ফজলুল হক মজুমদার পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বেপজার সার্বিক কার্যক্রম, পরিচালন পদ্ধতি এবং ইপিজেডের বিনিয়োগকারীদের প্রদেয় সুবিধাদি, প্রণোদনা বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন।

Posted ৮:১২ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman


