
| বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 134 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেতে এখন থেকে আগ্রহী প্রার্থীগন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছেও আবেদন করতে পারবেন । গত ১৭ নভেম্বর কর্তৃপক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। কর্তৃপক্ষ ০১ ডিসেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বীমা কোম্পানি কর্তৃক বহুল প্রচলিত দুটি (একটি বাংলা এবং একটি ইংরেজি) জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করাসহ কর্তৃপক্ষের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের বিধান রয়েছে। এর পাশাপাশি এখন থেকে সংশ্লিষ্ট বীমা কোম্পানির ওয়েবসাইটেও উক্ত বিজ্ঞাপন প্রকাশ করতে হবে।
মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীরা নিয়োগকারী কোম্পানি ছাড়াও আইডিআরএ বরাবর আবেদন করতে পারবেন মর্মে সভায় সিদ্ধান্ত দেয়া হয়। এমতাবস্থায়, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের বিজ্ঞাপনে ‘আগ্রহী প্রার্থীগণ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকটও আবেদন দাখিল করতে পারবেন’ মর্মে আলাদা অনুচ্ছেদ সংযুক্ত করতে হবে। মুখ্য নির্বাহী নিয়োগ অনুমোদ প্রস্তাব পরীক্ষার সময় বিজ্ঞাপনে এই শর্ত আছে কি না তা যাচাই করবে আইডিআরএ। এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা, ২০১২ তে সংশোধন এনে প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করে সরকার। এ সময় প্রবিধানে বেশ কিছু উল্লেখযোগ্য সংশোধন আনা হলেও মুখ্য নির্বাহী পদে আইডিআরএ বরাবর আবেদনের বিষয়টি ছিল না।

Posted ৬:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman


