
| মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ | প্রিন্ট | 85 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজারবান্ধব বলেছে। বাজেট ঘোষণার পর ডিএসই এক প্রতিক্রিয়ায় পুঁজিবাজারবান্ধব বাজেট ঘোষণা করায় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
ডিএসই’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা ও বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের বিশেষ গুরুত্বারোপকে মমিনুল ইসলাম ধন্যবাদ জানান।
২০২৫-২৬ সালের বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান বৃদ্ধি, মার্চেন্ট ব্যাংকের কর হার হ্রাস এবং লেনদেনের উপর উৎসে কর হ্রাস ইত্যাদি পদক্ষেপ পুঁজিবাজারের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিএসই প্রেস বিজ্ঞপ্তিতেবলা হয়, সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের উপর ধার্য বার্ষিক মেইনটেন্যান্স ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করেছে এবং সিসি অ্যাকাউন্টে অর্জিত সুদের ২৫ শতাংশ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থে ব্যয়ের জন্য ইনভেস্টরস প্রটেকশন ফান্ডে জমার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এছাড়া, বিগত ৪ নভেম্বর ২০২৪ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তি বিনিয়োগকারীদের তালিকাভুক্ত কোম্পানি হতে অর্জিত ৫০ লক্ষ টাকা পর্যন্ত মূলধনী আয় সম্পূর্ণ করমুক্ত রাখার বিধান অব্যাহত রাখার পাশাপাশি ৫০ লক্ষ টাকার উপরে মূলধনী আয়ের উপর কর ১৫ শতাংশে হ্রাস করায় পুঁজিবাজারের উন্নয়ন-সহায়ক এসব নীতিমালা সরকারের দৃঢ় প্রতিশ্রুতির পরিচায়ক বলে তিনি মন্তব্য করেন।
বাজেট প্রস্তাবনায় সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তকরণ এবং বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ বাজারের গভীরতা বৃদ্ধি পাবে বলে ডিএসই’র চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন।
এসকল ইতিবাচক সিদ্ধান্তের জন্য ডিএসই’র চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল অংশীদারের প্রত্যাশাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে আলোচনার মাধ্যমে সেগুলো বাস্তবায়নে প্রধান ভূমিকা রাখার জন্য ডিএসই’র চেয়ারম্যান বিশেষ ধন্যবাদ জানান মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীকে।
একই সাথে দেশের পুঁজিবাজারের উন্নয়নে সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টার সময়োপযোগী দিক নির্দেশনার জন্য ডিএসই’র চেয়ারম্যান গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুঁজিবাজারকে ঘিরে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেশের ক্রমবিকাশমান পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদে শক্তিশালী ও টেকসই হওয়ার পথে এগিয়ে নেবে বলে ডিএসই বিশ্বাস করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ উদ্ভাবনী প্রযুক্তি ও দক্ষতাকে পুঁজি করে আগামী প্রজন্মের জন্য একটি টেকসই পুঁজিবাজার গড়ে তোলায় প্রতিশ্রুতিবদ্ধ।

Posted ১২:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
Arthobiz | zaman zaman


