
| বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 73 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে শুনানি শেষে এই আদেশ জারি করে আদালত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ বুধবার (০৮ অক্টোবর) সকালে অভিযোগটি জমা দেয় প্রসিকিউশন। পরে এ আদেশ জারি করেন ট্রাইব্যুনাল। শুনানি শেষে গুমের দুই মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১।
সকালে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী ঘরানার লোকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) গোপন সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়া হয়।
এদিকে, ২০২৪ সালে জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে শুনানি শেষে রেদোয়ানুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
এ মামলার অন্য আসামিরা হলেন- বিজিবির আরেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম মুন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

Posted ৬:২০ অপরাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
Arthobiz | zaman zaman


