
| রবিবার, ০২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 54 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংক এশিয়ার নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে ব্যাংকটি ৩৫১ কোটি টাকা নিট মুনাফা করেছে, যেখানে ২০২৪ সালের একই সময়ে মুনাফা ছিল ২০৫ কোটি টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংক এশিয়া।
গত ২৯ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে অনুষ্ঠিত এক অনলাইন অনুষ্ঠানে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আর কে হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এ এন এম মাহফুজ, নূরুল্লাহ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান আর্থিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বছরের প্রথম নয় মাসে বিনিয়োগ আয় প্রায় দ্বিগুণ হয়ে ১ হাজার ৯৩০ কোটি টাকায় পৌঁছেছে। ফলে পরিচালন মুনাফাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
মুনাফা বৃদ্ধির ফলে চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৪ পয়সা। এ ছাড়া শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ২৮ পয়সা, যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি। বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি ৩৯ কোটি ৯০ লাখ টাকা নিট মুনাফা করেছে বলে বিজ্ঞপ্তিতে দাবী করা হয়েছে।

Posted ৬:১৯ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
Arthobiz | zaman zaman


