
| বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | প্রিন্ট | 47 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি শেয়ারবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহে এবার ১ হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে| মূলধন ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই খাতে অর্থায়নের লক্ষ্যেই এই বন্ড আনা হচ্ছে বলে জানিয়েছে ব্যাংকটি|
বৃহস্পতিবার (৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এমন তথ্য জানা গেছে| বুধবার (৬ মে) অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের ৫৮৪তম সভায় হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়|
ব্যাংক এশিয়া জানিয়েছে, প্রস্তাবিত গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ডটির আকার হবে ১ হাজার কোটি টাকা| এটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, সম্পূর্ণ রিডিমেবল এবং কুপনভিত্তিক ফ্লোটিং রেটের বন্ড| বন্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৭ বছর| প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এটি ইস্যু করা হবে|
ব্যাংকটি আরো জানিয়েছে, বন্ড থেকে সংগৃহীত অর্থ মূলত ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে| একই সঙ্গে পরিবেশবান্ধব ও টেকসই বিভিন্ন প্রকল্পে অর্থায়নেও এ অর্থ ব্যয় করা হবে| বিশেষ করে বাসেল-৩ নীতিমালার আলোকে নিয়ন্ত্রক মূলধনের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে|
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলো মূলধন ঘাটতি মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহে বন্ডের দিকে ঝুঁকছে| একই সঙ্গে সবুজ অর্থায়ন বা গ্রিন ফাইন্যান্সিং এখন ˆবশ্বিকভাবে গুরুত্ব পাচ্ছে| ফলে ব্যাংক এশিয়ার এ উদ্যোগ বাজারে ইতিবাচক বার্তা দেবে|
তবে বন্ডটি ইস্যুর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নিতে হবে| বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং খাতে টেকসই অর্থায়ন বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের বন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে| একই সঙ্গে এটি ব্যাংকটির মূলধন ভিত্তি আরও শক্তিশালী করবে|
উল্লেখ্য, ব্যাংক এশিয়া পিএলসি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০০৪ সালে| ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ হাজার ২৮২ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা| সে হিসাবে কোম্পানিটির শেয়ার সংখ্যা ১২৮ কোটি ২৪ রাখ ৯৭ হাজার ৫৪৬টি| সর্বশেষ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫০.৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৮.৫৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১০.৭৫ শতাংশ শেয়ার রয়েছে|

Posted ৬:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
Arthobiz | zaman zaman


