
| মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 26 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে আজ মঙ্গলবার (১৪ জুলাই) সৌজন্য সাক্ষাৎ করেছেন| পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়|
সাক্ষাৎকালে তাসকীন আহমেদ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সম্প্রসারণে বাণিজ্যিক সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরসহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ জোরদার করা প্রয়োজন| এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি|
তিনি বলেন, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগ সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে| এসব সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের অর্থনৈতিক কূটনীতিকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি| বিশেষ করে আফ্রিকার দেশগুলোর সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিং, তথ্যপ্রযুক্তি এবং কৃষিখাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য সরাসরি অর্থ পরিশোধ (পেমেন্ট) ব্যবস্থা সহজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ঢাকা চেম্বার সভাপতি|
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আফ্রিকাসহ সম্ভাবনাময় বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহায়ক বাণিজ্য চুক্তি সম্পাদনে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে| এ ক্ষেত্রে সরকার ও বেসরকারি খাতের সমšি^ত উদ্যোগ ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন|
তিনি আরও বলেন, আফ্রিকার বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, ফলমূল এবং সিরামিক পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে| এ সুযোগ কাজে লাগাতে দেশীয় উদ্যোক্তাদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি| পাশাপাশি এলডিসি-পরবর্তী সময়ে বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী|
সাক্ষাৎকালে ঢাকা চেম্বাররের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি অনুবিভাগের মহাপরিচালক ড সৈয়দ মুনতাসির মামুন উপস্থিত ছিলেন|

Posted ৮:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


