
| শনিবার, ২৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক:
জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন তেলের ডিপোতে বিজিবি সদস্যদের মোতায়ন করা হয়েছে। ইতোমধ্যে দেশের নয়টি জেলার ১৯ ডিপোতে তাদের মোতায়ন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২৮ মার্চ) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকট এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে অননুমোদিতভাবে তেল মজুদের চেষ্টা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং তেল সরবরাহ সচল রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি ডিপোগুলোতে দায়িত্ব পালন করছে।
বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়ন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। ইউনিট সদর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালন সুবিধার্থে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৫ মার্চ থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জ জেলাসহ মোট ৯টি জেলায় ১৯টি ডিপোতে বিজিবি মোতায়ন সম্পন্ন হয়েছে।
মোতায়েনকৃত সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্পে একজন কর্মকর্তা নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হচ্ছে। পাশাপাশি অবৈধ তেল মজুদ ও বিক্রয় প্রতিরোধ এবং নাশকতা রোধে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ও দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে।
বিজিবি সংশ্লিষ্ট ডিপো এলাকায় দৃশ্যমান উপস্থিতি বজায় রেখে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধিতে কাজ করছে।
এছাড়া, সীমান্ত দিয়ে তেল পাচার রোধে সীমান্তে অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপি এলাকায় নজরদারি বৃদ্ধি, আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরি এবং অন্যান্য যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

Posted ৫:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২৬
Arthobiz | zaman zaman


