
| বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 112 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ উৎকন্ঠার মধ্যে ইরানের প্রস্তাবিত ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি স্থানীয় সময় মঙ্গলবার এক পোস্টে ইরানের সঙ্গে একটি ‘দ্বিপাক্ষিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছেন মর্মে ঘোষণা দেন।বুধবার মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ ও ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।
পোস্টে ট্রাম্প বলেন, “আমি দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ স্থগিত করতে সম্মত।” তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র “ইতিমধ্যেই সমস্ত সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং তা অতিক্রমও করেছে।” এর কয়েক ঘণ্টা আগে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, পাকিস্তানের অনুরোধে এই যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়া হয়েছে। তবে তিনি শর্ত জুড়ে দেন—ইসলামী প্রজাতন্ত্র ইরানকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি “সম্পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদভাবে” খুলে দিতে হবে।
যদিও ট্রাম্প নিজে ইরানের প্রস্তাব নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি। তবে, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে এবং দুই সপ্তাহের জন্য নিয়ন্ত্রিত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা হবে।
সিবিএসের প্রতিবেদনে নিশ্চিত করা হয়, হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল এই যুদ্ধবিরতির কাঠামোতে সম্মতি দিয়েছে। তবে ইরানের ১০ দফা প্রস্তাবের কোন কোন শর্ত তারা মেনে নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
যুদ্ধবিরতির পরবর্তী ধাপে শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে ইসলামাবাদে। পাকিস্তানের মধ্যস্থতায় আগামী শুক্রবার সেখানে বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রতিনিধিরা এতে অংশ নেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতি তুলে ধরেছে তাসনিম নিউজ এজেন্সি। এতে বলা হয়েছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে এবং দুই সপ্তাহের জন্য নিয়ন্ত্রিত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা হবে।
ইরান জানিয়েছে, তাদের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে—
১) আগ্রাসন না করার অঙ্গীকার
২) হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা
৩) ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের স্বীকৃতি
৪) সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার
৫) সব গৌন নিষেধাজ্ঞা প্রত্যাহার
৬) জাতিংসঘ নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল
৭) আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরসের সব প্রস্তাব বাতিল
৮) ইরানের জন্য ক্ষতিপূরণ প্রদান
৯) অঞ্চল থেকে মার্কিন যুদ্ধ বাহিনী প্রত্যাহার
১০) সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই পরিকল্পনাটি উপস্থাপন করেছিলেন।
“অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি ঘোষণা করছি যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সঙ্গে নিয়ে লেবাননসহ সর্বত্র অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে,” শরিফ এক বিবৃতিতে বলেন ।
তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এসব শর্তের অধিকাংশই নিশ্চিত করেনি। ট্রাম্প এই প্রস্তাবকে “আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি” বলে উল্লেখ করেছেন।
দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি ও আসন্ন আলোচনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তবে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
এ দিকে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তির জন্য সব পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফানে দুজারিকের এক বিবৃতির উদ্বৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানায়, ‘মহাসচিব যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।’
এতে আরও বলা হয়, জাতিসংঘ প্রধান ‘মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলতে এবং যুদ্ধবিরতির শর্তাবলি অনুসরণ করতে আহ্বান জানিয়েছেন, যাতে করে এই অঞ্চলে একটি স্থায়ী ও সামগ্রিক শান্তির পথ সুগম হয়।’


Posted ৫:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


